নিজস্ব প্রতিবেদকঃ
সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা বাস্তবায়নের দাবিতে সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন।
বিক্ষোভের চলাকালে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে একটি কভার্ড ভ্যান ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, "আজ সোমবার বেলা সোয়া ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার 'নদী ফিলিং স্টেশনের' সামনের সড়কে একদল দুষ্কৃতকারী আচমকা একটি কভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।"
এদিকে উত্তপ্ত আন্দোলন ও বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ার নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও কাঠগড়া সংলগ্ন অধিকাংশ পোশাক কারখানায় আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান শিল্প পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
তবে ঠিক কতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে শিল্প পুলিশ বা পোশাক কারখানা মালিকদের সংগঠন থেকে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট বা চূড়ান্ত সংখ্যা জানা যায়নি।