মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স রাজ ব্রিকসের কর্তৃপক্ষকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ ছাড়াই চালু রাখা হয়েছিল। এ অপরাধে ভাটাটির কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে নিরাপত্তা সহায়তা দেয়।
পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এ জাতীয় আরো খবর..