কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার জগতী এলাকায় ফুট গোডাউনের পাশে রেলওয়ের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। জানে আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে কৃষিজমির লিজকে পুঁজি করে প্রতি দুই কাঠা জমি ৩ লাখ টাকায় বিক্রির এই অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় ও রেলওয়ে সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জমি দখল ও বিক্রির অভিযোগ:
অভিযোগ রয়েছে, জানে আলম নামের এক ব্যক্তি রেলওয়ের সম্পত্তি জবরদখল করে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করছেন। জানা গেছে, শফিকুল নামের এক ব্যক্তি এভাবে দুই কাঠা জমি ৩ লাখ টাকায় কিনেছেন। তবে কোনোরকম বৈধ অনুমোদন বা লিজ ছাড়া এই কেনাবেচা চলছে।
ক্রেতার বক্তব্য:
জমি কেনা সংক্রান্ত বিষয়ে শফিকুল জানান, শহীদ পাটোয়ারীর কাছ থেকে তাঁর জামাই জমিটি কেনেন। পরবর্তীতে জামাইয়ের কাছ থেকে রসিদের মাধ্যমে তিনি তা নেন। তাঁর দাবি, রেলওয়ের কাছ থেকে ডিসিআর (ডিমান্ড কলিং রসিদ) কেটে খাজনা পরিশোধ করলেই জমিটি তাঁর নামে হয়ে যাবে।
রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর হুঁশিয়ারি:
এ বিষয়ে রেলওয়ের পোড়াদহের কানুনগো মনিরুল ইসলাম জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং শফিকুল নামের ওই ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। তাঁকে দ্রুত সমস্ত বৈধ কাগজপত্র প্রদর্শন করতে বলা হয়েছে।
আইনগত ব্যবস্থা:
কানুনগো মনিরুল ইসলাম আরও স্পষ্ট করেন যে, জমিসংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে এবং লিজের শর্ত ভঙ্গ করে কৃষিজমিতে কোনো ধরনের অবৈধ বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। অতিসত্বর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে উচ্ছেদসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।