মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা কারাগারে কারা হেফাজতে থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত এক চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে জাকির হোসেনের মৃত্যু হয়। তাঁকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই চিকিৎসক।
নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নবাব বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন। মঙ্গলবার সকালে তিনি অসুস্থতাবোধ করলে দ্রুত তাঁকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যুর খবর শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কাগজপত্র বা প্রতিবেদন পাওয়া যায়নি।
তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে হাসপাতালের আনুষ্ঠানিক প্রতিবেদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে।
এ জাতীয় আরো খবর..