নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকার একটি বাড়ির ছাদ থেকে আজিবার শেখ (৪০) নামের এক অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকার একটি ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আজিবার শেখ লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। পেশায় তিনি একজন অটোভ্যান চালক ছিলেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আজিবার শেখ। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু করেন। পরে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠ এলাকা থেকে তাঁর চালিত অটোভ্যানটি উদ্ধার করা গেলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরপর মঙ্গলবার সকালে স্থানীয়রা লক্ষ্মীপাশা মোল্যার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদে হাত বাঁধা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভবে তাঁর মৃত্যুর সঠিক কারণ বা কীভাবে তিনি ওই বাড়ির ছাদে পৌঁছালেন, তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।