কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লাজুড়ে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) একযোগে পরিচালিত সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এই এক নৈশ অভিযানেই সব মিলিয়ে ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ও থানাওয়ারি গ্রেপ্তারের তথ্যে জানা যায়—কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, দাউদকান্দিতে ১২ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, বুড়িচংয়ে ৮ জন, চৌদ্দগ্রামে ৭ জন, লাকসামে ৭ জন, লালমাইতে ৭ জন, চান্দিনায় ৬ জন, নাঙ্গলকোটে ৬ জন, দেবিদ্বারে ৬ জন, বরুড়ায় ৪ জন, তিতাসে ৪ জন, মুরাদনগরে ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, হোমনায় ৩ জন, মনোহরগঞ্জে ২ জন, মেঘনায় ১ জন, বাঙ্গরায় ১ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৩ জন গ্রেপ্তার হন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতামূলক অপতৎপরতা প্রতিরোধের অংশ হিসেবে জানমালের নিরাপত্তা বিধানে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।