বিশেষ প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, "যাঁরা বর্তমানে এই অরাজকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন, তাঁদের এ ধরনের কর্মকাণ্ড নতুন কিছু নয়। তাঁদের রাজনীতিই মূলত ধ্বংসাত্মক। আর এ কারণেই রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তাঁদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।"
তিনি ২০২৫ সালের সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, "শুধু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমই বন্ধ করা হয়নি; ২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে দলটির সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও প্রচার-প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছিল। সরকারি সেই গেজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো প্রকাশনা, গণমাধ্যম ও অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।"
প্রতিমন্ত্রী আরও যোগ করেন, "যেহেতু তাঁদের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাঁদের কার্যক্রম বা বক্তব্যের প্রচার-প্রচারণা চালানোও বেআইনি ও নিষিদ্ধ। গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সরকারের পূর্ণ সম্মান রয়েছে, তবে গেজেট অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের প্রচার না চালানোর বিষয়টি গণমাধ্যমেরও দায়িত্বশীলতার সঙ্গে মনে রাখা উচিত বলে আমি মনে করি।"
আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক তৎপরতার কড়া সমালোচনা করে তিনি দাবি করেন, "দলটির জন্মলগ্ন থেকেই তারা অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিচ্ছিন্ন দু-একটি স্থানে নৈরাজ্য সৃষ্টি করে আতঙ্কের পরিবেশ তৈরি করাই তাঁদের রাজনীতি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দেশের জনগণ এ বিষয়ে সতর্ক রয়েছে এবং অরাজকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"