×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৭ বার পঠিত

গোলাম রাব্বানী, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম মৈনম। গ্রামের শান্ত পরিবেশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এক দোতলা মাটির রাজবাড়ি। চুন-সুরকির বাহারি কারুকাজ, নান্দনিক নির্মাণশৈলী আর আলোকসজ্জায় বাড়িটি এখন দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। প্রায় আড়াইশ বছরের পুরোনো এই রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে জমিদারি আমলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও এক করুণ অধ্যায়।

 

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে জমিদার সারদা প্রসাদ রায়ের বাবা মৈনম গ্রামে এসে পাল সম্প্রদায়ের কাছ থেকে দোতলা মাটির বাড়িটি কিনে নেন। পরে সেখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। সারদা প্রসাদ রায়ের সময় থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত এই জমিদারি কার্যক্রম পরিচালিত হয়। আত্রাই ছাড়াও দিনাজপুর ও নাটোরের বিভিন্ন এলাকায় বিস্তৃত ছিল এই জমিদারির পরিধি। জমিদারির যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো এই মাটির বাড়ি থেকেই।

 

কথিত আছে, জমিদার সারদা প্রসাদ রায়ের দুই ছেলে ছিলেন। বড় ছেলে বড়দা প্রসাদ রায় এবং ছোট ছেলে শরৎ রায়। বড়দা প্রসাদ রায়ের পরিবার পরিচিত ছিল ‘বড় তরফ’ নামে এবং ছোট ছেলের পরিবার পরিচিত ছিল ‘ছোট তরফ’ নামে। বড়দা প্রসাদ রায় ১৯৪২ সাল থেকে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, যা বর্তমান সময়ের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের সমতুল্য।

 

ইতিহাস ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, বলিহারের রাজা বিমলেন্দু রায় বাহাদুরের মাতুলালয় ছিল এই রায় বাড়ি। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে পরিবারটি তৎকালীন সময়ে বেশ অগ্রসর ছিল। দুর্গাপূজাকে কেন্দ্র করে এই পরিবারের সদস্য মুকুল রায় ও বন্দর রায়সহ অন্যরা ভারত থেকে শিল্পী নিয়ে আসতেন। তাঁদের উদ্যোগে বাড়িতে থিয়েটার ও যাত্রাপালার আয়োজন হতো। এলাকার উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের অন্যান্য পরিবারের সঙ্গে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনও করা হতো।

 

জানা যায়, রায় পরিবারের প্রায় ৩০০ বিঘা জমিজমা ছিল। তবে বড়দা প্রসাদ রায়ের সময় পরিবারটির ইতিহাসে নেমে আসে এক মর্মান্তিক অধ্যায়। ১৯৬৪ সালের ৬ জানুয়ারি মৈনমে ঘটে সাম্প্রদায়িক দাঙ্গা। স্থানীয়দের মুখে প্রচলিত বিভিন্ন বর্ণনায় তৎকালীন সামাজিক বৈষম্য, পারস্পরিক বিরোধ ও জমিদার পরিবারের কিছু সদস্যের অহংকার ও দাম্ভিকতাকে এই সংঘাতের অন্যতম পটভূমি হিসেবে উল্লেখ করা হয়।

 

লোকমুখে প্রচলিত রয়েছে, সে সময় মুসলিম সম্প্রদায়ের মানুষের চলাফেরা, বাজার করা কিংবা চেয়ারে বসার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করা হতো। চেয়ার নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এক মুসলিম ব্যক্তির গায়ে মন্মথ রায়ের থুতু পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মোজাহার ডাকাত ও ইরফান ডাকাতের নেতৃত্বে সাম্প্রদায়িক সংঘাত ভয়াবহ রূপ নেয়। ওই দাঙ্গায় রায় পরিবারের ১৩ জন সদস্য নিহত হন। জমিদার বড়দা প্রসাদ রায়ের স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে বড়দা প্রসাদ রায় কোনো রকমে প্রাণে বেঁচে যান। মৈনমের ১৯৬৪ সালের এই সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস একুশে পরিষদ, নওগাঁ লিপিবদ্ধ করেছে।

 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর রায় পরিবারের সদস্যরা ধীরে ধীরে বিভিন্ন স্থানে চলে যান। একসময় বাড়িটিতে পরিবারের সর্বশেষ সদস্য হিসেবে বুরন রায় ও বাবন রায় বসবাস করতেন। কালের পরিক্রমায় জমিদারি ও পরিবারের সেই জৌলুস হারিয়ে গেলেও ঐতিহাসিক বাড়িটি আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

 

বর্তমানে ক্রয়সূত্রে বাড়িটির জমির মালিক এস এম ব্রুহানী সুলতান গামা। তাঁর বড় ছেলে এস এম আশকার ইবনে সুলতান শান্ত বলেন, ‘আমার দাদু এই মাটির বাড়িটি কিনেছিলেন। এরপর বাড়িটির মূল কারুকাজ অক্ষত রেখে নতুন করে রং করানো হয়েছে। পাশাপাশি কিছু জায়গায় সংস্কার করা হয়েছে। বাড়িটি অনেক পুরোনো এবং এর সঙ্গে একটি সমৃদ্ধ ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই আমরা চেষ্টা করেছি সংস্কারের মাধ্যমে এর পুরোনো ঐতিহ্য ও সৌন্দর্য ধরে রাখতে। দর্শনার্থীদের জন্য বাড়িটি উন্মুক্ত রাখা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাড়িটি দেখতে আসেন। তাঁদের আগ্রহ ও ভালো লাগা আমাদেরও আনন্দ দেয়।’

 

ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এই মাটির রাজবাড়ি দেখতে প্রতিদিনই আসছেন বিভিন্ন এলাকার মানুষ। প্রায় আড়াইশ বছরের স্মৃতি বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা বাড়িটি এখন মৈনম গ্রামের পরিচিতি ও আকর্ষণের অন্যতম কেন্দ্র।

 

প্রাচীন এই স্থাপনা দেখতে চাইলে আপনাকে যেতে হবে নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী মৈনম গ্রামে। গ্রামটির ইতিহাসের পাতায় রায় বাড়ি আজও এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat