ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার হারভেষ্টার ব্যবহারকারী কৃষকরা নিম্নমানের হারভেষ্টার সরবরাহ, কোম্পানিগুলোর প্রতারণা ও ফাঁকা চেকের মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন পালন করেছেন। গতকাল সোমবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনের আয়োজন করে হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোট। এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার মো: আব্দুল কুদ্দুস মাহামুদ, মো: আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল আমিন, মো: মোজাম্মেল হক, মো: মামুন, মো: আমিন, মাসুদ রানা, মোহন, হাশেম আলী, এরশাদ আলীসহ অন্যান্যরা। এছাড়া পঞ্চগড় জেলার মো: মইন উদ্দীন, মো: আশরাফুল ইসলাম, মো: জয়নাল আবেদিন, মো: এরশাদ এবং দিনাজপুর জেলার মো: বকুল, মো: ইমতিয়াজ প্রমুখ নেতৃস্থানীয়রা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে হারভেষ্টার সংগ্রহ করা হলেও কোম্পানিগুলো কৃষকদের সঙ্গে প্রতারণা করছে। মেশিন সরবরাহের সময় জাপানি প্রযুক্তির কথা বলা হলেও পরে নিম্নমানের চায়না মেশিন দেওয়া হয়। প্রকৃতপক্ষে এসব মেশিনের বাজারমূল্য সর্বোচ্চ ৮-১০ লাখ টাকা হলেও কৃষকদের কাছ থেকে ৩৬ থেকে ৪৮ লাখ টাকা আদায় করা হচ্ছে। কৃষি বিভাগের উদাসীনতার ফলে কোম্পানিগুলো ইচ্ছামতো প্রতারণা করছে, যা কৃষকদের আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
বক্তারা আরও বলেন, নিম্নমানের হারভেষ্টার দিয়ে কৃষকদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া কোম্পানিগুলো ফাঁকা চেকের মাধ্যমে মামলার ভয় দেখিয়ে কৃষকদের হয়রানি করছে। ফলে কৃষকেরা দারুণ সংকটে পড়েছেন। তারা এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধের আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যদি দ্রুত এ সমস্যার সমাধান না করা হয়, তাহলে ক্ষতিগ্রস্ত কৃষকরা আরও কঠোর আন্দোলনে যাবেন। পাশাপাশি প্রতারক কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।হারভেষ্টার ব্যবহারকারী কৃষকদের এ আন্দোলন শুধু একটি নির্দিষ্ট এলাকার নয়, বরং পুরো দেশের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। সরকারের উচিত অবিলম্বে বিষয়টি তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা, যাতে কৃষকরা আর প্রতারিত না হন এবং ন্যায্য মূল্য ও মানসম্মত কৃষি সরঞ্জাম পেতে পারেন।