মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর হরষপুর সড়কে ড্রাইভিং শিখতে গিয়ে ঘটে গেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে হিমেল (২০) নামের এক যুবক নিহত এবং এনায়েতুল্লাহ (২২) নামের আরেকজন গুরুতর আহত হন।
নিহত হিমেল ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন তিনি। তাঁর হঠাৎ মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
গুরুতর আহত এনায়েতুল্লাহ চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ একটি প্রাইভেট কার নিয়ে সড়কে ড্রাইভিং অনুশীলনে বের হন। কিছুক্ষণ পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই গাড়ি থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটি জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”
এ জাতীয় আরো খবর..