নিজস্ব প্রতিবেদকঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ বোঝা না বাড়িয়ে অনুদান, নির্ভরযোগ্য আর্থিক সহায়তা এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশের কম হওয়া সত্ত্বেও দেশটি জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে:
নবায়নযোগ্য জ্বালানি: ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়ন: দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক যানবাহন, পাটজাত পণ্যের প্রসার এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
বৃক্ষরোপণ ও নদী খনন: পরিবেশ সংরক্ষণে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার পাশাপাশি জলাধারণ ক্ষমতা বাড়াতে ও বন্যার ঝুঁকি কমাতে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ চলছে।
বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত ও ঋণনির্ভর উল্লেখ করে ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি প্রস্তাব পেশ করেন:
অভিযোজনে ৫০% বরাদ্দ: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা এবং নির্গমন হ্রাসের প্রচেষ্টাকে সহায়তা করা।
জরুরি ঋণ-ত্রাণ সুবিধা: জলবায়ু-সহনশীল ঋণ ধারা ও ঋণ-জলবায়ু বিনিময় ব্যবস্থাসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
প্রযুক্তি হস্তান্তর: পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করা।
বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম: ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের লক্ষ্যে কপ-৩১ সম্মেলনে এই মেকানিজম গ্রহণ করা।
ভাষণের শেষে প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে বিশ্বনেতাদের প্রতি বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান।