×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ মল্লিক ছোবহান উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি পদে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত উজ্জ্বল মজুমদার বাবলাকে মনোনীত করার প্রতিবাদে এবং অবিলম্বে কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ ২৪ সেপ্টেম্বর বুধবার সকালে নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লোহাগাড়া আমিরাবাদের সচেতন নাগরিক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সুপারিশে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বক্তারা বলেন, উজ্জ্বল মজুমদার বাবলা বিগত ১৭ বছর আওয়ামী রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে অসংখ্য বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হামলা ও গ্রেফতার করিয়েছেন। তার মতো একজন ফ্যাসিস্টের দোসরকে কীভাবে একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সভাপতি পদে সুপারিশ করা হলো, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এস এম সাহাব উদ্দিন, শাহাদাত হোসেন, শাহ নেওয়াজ চৌধুরী, নিয়ামত উল্লাহ, কলিম উল্লাহ, জিসান, মুরাদ, মাসুদসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দ।

বক্তারা বলেন, "আমরা বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনের এই সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন সিনিয়র নেতার কাছ থেকে এমন সিদ্ধান্ত কখনোই কাম্য নয়। যারা গত ১৭ বছর দেশটাকে ধ্বংস করেছে, আওয়ামী ছত্রছায়ায় ক্ষমতাশীল ছিল এবং নিজেদের অবৈধ ক্ষমতাবলে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে, আজকে বিএনপির সময়েও তাদেরকে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হচ্ছে। আমরা এর কঠিন প্রতিবাদ জানাই।"

তারা আরও বলেন, "আমরা প্রশ্ন করতে চাই, যারা এই অনৈতিক কাজ করেছে ও ন্যক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে, আসলে তারা কার এজেন্ডা বাস্তবায়ন করছে? বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা যখন রক্ত দিয়েছে, জেল খেটেছে, তখন এই আওয়ামী দোসররা আওয়ামী লীগের সাথে আঁতাত করে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে। আজ তাদেরকেই পুরস্কৃত করা হচ্ছে।"

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই বিতর্কিত কমিটি বাতিল করা না হয় এবং ফ্যাসিস্টের দোসর উজ্জ্বল বাবলাকে অপসারণ করা না হয়, তাহলে তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে আরও বড় মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

তাদের দাবি, অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী, নির্যাতিত ও জাতীয়তাবাদী আদর্শের একজন শিক্ষানুরাগী, সৎ ও যোগ্য ব্যক্তিকে সভাপতি করে পুনরায় কমিটি ঘোষণা করতে হবে।

এলাকাবাসীর অভিযোগ, উত্তর আমিরাবাদ মল্লিক ছোবহান (বারদোনা) উচ্চ বিদ্যালয়টি এলাকার শত বছরের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে একটি মহল দীর্ঘদিন ধরে দখল করে নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করতে চায়। আওয়ামী দোসরকে সভাপতি করার মাধ্যমে সেই ষড়যন্ত্রই বাস্তবায়ন করা হচ্ছে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের স্কুলে কোনো রাজনৈতিক দোসরকে সভাপতি হিসেবে দেখতে চাই না। আমরা চাই একজন সৎ ও শিক্ষানুরাগী ব্যক্তি আমাদের বিদ্যালয়ের দায়িত্ব নিক, যিনি আমাদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করবেন।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, বিএনপির হাইকমান্ড এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দ্রুত এই বিতর্কিত কমিটি বাতিল করে এলাকার মানুষের দাবি মেনে নেবে এবং বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat