রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কবুতরপাড়া এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া গ্রামের একটি খাস জমি থেকে পরিত্যক্ত অবস্থায় এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি রাজশাহীর একটি আভিযানিক দল জানতে পারে যে, গোদাগাড়ীর কবুতরপাড়া গ্রামের একটি মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাস জমিতে প্লাস্টিকের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে টর্চ ও সার্চলাইটের আলোতে তল্লাশি চালিয়ে দুটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়।
এর মধ্যে একটি শপিং ব্যাগে ৫২৮ গ্রাম এবং অপর ব্যাগে ছয়টি ছোট পলিপ্যাকেটে মোট ৬৪৫ গ্রামসহ সর্বমোট ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ধার করা এই মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে এসআরবি-র গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।