দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বা এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর—এই আট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনরত কর্মকর্তারা এই আদেশের আওতাভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে (GEMS) দ্রুত হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।