ইব্রাহীম আশেকী রনি, রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রায়পুরা ম্যারাথন ২০২৬’। উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে এবারের ম্যারাথনে দেশ-বিদেশের প্রায় এক হাজার রানার অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার উপজেলা হলরুমে আয়োজিত মিট দ্য প্রেসে এ তথ্য জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
ইউএনও মো. মাসুদ রানা জানান, এবারের ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ৪২ কিলোমিটার ফুল ম্যারাথন, ২৫ কিলোমিটার রেস, ১০ কিলোমিটার রেস এবং এক কিলোমিটার ফ্যামিলি রেস। ফ্যামিলি রেসে শিশু ও পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, এবারের রায়পুরা ম্যারাথন দেশের অন্যতম বড় আয়োজন হতে যাচ্ছে। ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেঘনা নদীতে দেশজুড়ে অংশগ্রহণকারীদের নিয়ে নৌকাবাইচ আয়োজনের ঘোষণাও দেন তিনি।
এবারের ম্যারাথনের অন্যতম বিশেষ দিক হলো সামাজিক দায়বদ্ধতা। আয়োজকদের চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে অরফান লাভ ফাউন্ডেশন। ম্যারাথনের রেজিস্ট্রেশন ফি-এর একটি অংশ এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। এ উদ্যোগে সংহতি জানিয়ে অনেক রানার অতিরিক্ত ফি দিয়েও অংশ নিচ্ছেন।
রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদার জানান, প্রতিবছর ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে রায়পুরা ম্যারাথন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত একটি ক্রীড়া ইভেন্টে পরিণত হবে। ক্রীড়ার সঙ্গে মানবিক কল্যাণকে যুক্ত করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
আয়োজকরা জানান, ২০২৩ সালে ৪০০ রানার নিয়ে রায়পুরা হাফ ম্যারাথনের যাত্রা শুরু হয়। ২০২৪ সালে অংশ নেন ৭০০ জন এবং ২০২৫ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ৮০০ ছাড়িয়ে যায়। এবারের আয়োজনে সেই সংখ্যা আরও বাড়ছে।
ইউএনও মো. মাসুদ রানা বলেন, দূরদর্শী পরিকল্পনা এবং দেশি-বিদেশি দৌড়বিদ ও তরুণ ক্রীড়ামোদীদের অংশগ্রহণে রায়পুরা ম্যারাথন এখন শুধু দৌড় প্রতিযোগিতায় সীমাবদ্ধ নেই। এটি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতির একটি বড় আয়োজন হিসেবে গড়ে উঠছে।
মিট দ্য প্রেসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবর রহমানসহ উপজেলা প্রশাসন ও আয়োজক কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..