সজীব ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে দুধকুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে মোচ্ছা: আলমিনা আক্তার (১১) নামে এক মাদ্রাসা ছাত্রী। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস ও রংপুরের বিশেষ ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
গতকাল দুপুরে নুনখাওয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বোয়ালমারী ক্লিনিক সংলগ্ন দুধকুমার নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আলমিনা বোয়ালমারীর পাড় এলাকার মোঃ আলী হোসেনের মেয়ে। সে স্থানীয় বোয়ালমারী কেন্দ্রীয় কবরস্থান নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মাদ্রাসা থেকে ছুটি হওয়ার পর বেলা আনুমানিক ২টার দিকে আলমিনাসহ তিন জন সহপাঠী বোয়ালমারী ক্লিনিক (স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে) সংলগ্ন দুধকুমার নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে অন্য দুজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও আলমিনা নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে নদীতে তল্লাশি শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাগেশ্বরী ফায়ার সার্ভিস। পরবর্তীতে রংপুর থেকে বিশেষ ডুবুরি টিম ডেকে আনা হয়। তারা গতকাল গভীর রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও ব্যর্থ হন। আজ সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে পুনরায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছে।
উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা জানান, সংবাদ পাওয়ার পর থেকেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টিম অবস্থান করছে। ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধার না করা পর্যন্ত এই চেষ্টা অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..