ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তামিম রানা (৩৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সিপাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকায় 'মা জননী স্টোর'-এর সামনে আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের তথ্য: গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. সামছুল হক। এ সময় সাথে ছিলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক ও বিল্লাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
পরিচয় ও উদ্ধার: গ্রেপ্তারকৃত তামিম রানা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে ৪৫ ব্যাটালিয়ন বিজিবির অধীনে সিপাহী পদে কর্মরত। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিজিবির অফিসিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) এবং ভেগা ভি৭ মডেলের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ বিজিবি সদস্য গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।