মোফাজ্জল হোসেন, শ্রীপুর (গাজীপুর):
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গাজীপুরের শ্রীপুরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন মণ্ডপে পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, আরতি ও ভক্তদের অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে এ উৎসব। শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার সার্বজনীন দুর্গামন্দিরসহ প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম চোখে পড়ার মতো। মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জা ও বর্ণিল সাজসজ্জার মাধ্যমে তৈরি করা হয়েছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি বজায় রেখেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে আনসার-ভিডিপি সদস্য ও পুলিশ মোতায়েনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় সর্বস্তরের মানুষও এ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন। বিহিত পূজা, প্রসাদ বিতরণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।