মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলায় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইট দিয়ে নির্মিত একটি শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৬টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সকালে শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বদলগাছী থানা পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজারের মুদি দোকানি মো. সেকেন্দার আলী পানি নিতে বিদ্যালয়ের মাঠে যান। এ সময় তিনি বিদ্যালয়ের সামনের শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বদলগাছী থানার অফিসার ইনচার্জকে (ওসি) অবহিত করেন।
খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে শহীদ মিনারটি কীভাবে ভেঙেছে এবং এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুক্লা রানী জানান, শহীদ মিনারটি ভাঙা অবস্থায় পাওয়ার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে আসেন। শহীদ মিনারটি আগে থেকেই কিছুটা নড়বড়ে অবস্থায় ছিল। তবে রাতের আঁধারে কে বা কারা এটি ভেঙেছে, তা তিনি নিশ্চিত নন। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শহীদ মিনারটি দুর্বৃত্তদের হামলায় ভাঙা হয়েছে, নাকি আগে থেকেই নড়বড়ে থাকায় ভেঙে পড়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।