শাহিদুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কভারর্ভ্যানের চাপায় মমিনুল হক (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরের দিকে উপজেলার সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মমিনুল হক কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ভাড়া বাসায় থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মমিনুল হক তার ভ্যানটি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি কভার্ডভ্যান তার ভ্যানটিকে সজোরে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাওজোর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..