সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা সদর ও কালকিনিতে র্যালি, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা সদরের সমন্বিত সরকারি অফিস ভবনের দ্বিতীয় তলার মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহীম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
সভায় তরুণদের কর্মমুখী শিক্ষা, দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ সময় যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। এর আগে সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পর্যায়ের আয়োজন শেষ হয়।
এদিকে, কালকিনিতে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী দিবসের কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার ( ১ নভেম্বর )সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এ জাতীয় আরো খবর..