হবিগঞ্জ প্রতিনিধি:
তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে হবিগঞ্জে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। এবারের আসরে রেকর্ড ১৮ হাজার ৬৬৯ জন শিশু-কিশোর অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এই তথ্য নিশ্চিত করেন।
ইভেন্ট ও আয়োজনের পরিধি: এবার ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবলসহ মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
নিবন্ধনের পরিসংখ্যান: মোট ১৮,৬৬৯ জন আবেদনকারীর মধ্যে বালক ১০,৫৩৯ জন এবং বালিকা ৮,১৩০ জন। জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌরসভা এলাকা থেকে এসব উদীয়মান অ্যাথলেট অংশ নিচ্ছে।
প্রতিযোগিতার ধাপ ও সময়সূচি: প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, আঞ্চলিক ও জাতীয়—এই চার স্তরে অনুষ্ঠিত হবে। আগামী ৫ নভেম্বর থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ের খেলা শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
বিকেএসপিতে সুযোগ ও পুরষ্কার: জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য আকর্ষণীয় প্রাইজমানি, ট্রফি ও মেডেলের ব্যবস্থা থাকছে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশেষ নিবিড় প্রশিক্ষণের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট গুলজার খানসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।