বিশেষ প্রতিনিধিঃ
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান। সোমবার (৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এই তথ্য জানান।
প্রেস মিনিস্টার বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। তবে ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামক একটি আইনি প্রতিষ্ঠান থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে একটি ইমেইল পাঠানো হয়েছে, যেখানে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, ইমেইলে আসা অনুরোধটি সঠিক কি না এবং তা আসলেই শেখ হাসিনার পক্ষের কি না, সেটি বোঝার কোনো উপায় নেই। কারণ, ওই আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ইমেইলে শেখ হাসিনার কোনো অনুমোদন বা ‘অথরাইজেশন’সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। হাইকমিশন থেকে ইমেইলটি এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সোমবার সকালে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ভারত থেকে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন এবং এসংক্রান্ত একটি চিঠি হাইকমিশনে পাঠানো হয়েছে।