চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির প্রস্তুতির সময় জেলা আওয়ামী লীগের এক নেতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া ঈদগাহ বাজারসংলগ্ন মিনারুলের কাঁচামালের আড়তে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং ভাংবাড়ীয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু।
পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ কর্মসূচিকে ঘিরে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে ওই আড়তে গোপনে একত্রিত হয়েছিলেন নেতাকর্মীরা—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
আটক অন্য ছয়জন হলেন—হাটবোয়ালিয়া এলাকার রেজাউল করিম, আসমত উল্লাহ মোল্লা ওরফে সুজন মেম্বার, আমারত আলী, ভাংবাড়ীয়া এলাকার মিনারুল ও লালু এবং ভোগাইল বগাদী এলাকার আজিজুল হক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তাঁরা সেখানে একত্রিত হয়েছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।