সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর শিবচরে পৃথক দুটি অভিযানে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ভান্ডারীকান্দি ও পাঁচ্চর ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।
ভান্ডারীকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নেছার উদ্দিন সিকদারকান্দি গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষে গাঁজা সেবনরত অবস্থায় জসিম বেপারী (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জসিম বেপারী ওই গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে।
পরে শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ৫৮/২০২৬। মামলার বাদী ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ।
এদিকে, একই দিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাঁচ্চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোগলার মাঠ ঢালীকান্দি গ্রামে অভিযান চালিয়ে মো. এরশাদ ঢালী (৪২) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার নিজ দখলীয় বসতবাড়ি থেকে একটি সাদা প্লাস্টিকের বাজার ব্যাগে সবুজ পলিথিনে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার টাকা। এরশাদ ঢালী ওই গ্রামের মৃত হাজী আব্দুল করিম ঢালীর ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শিবচর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ জাতীয় আরো খবর..