ইব্রাহীম আশেকী রনি, রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেখানে পাঠদান ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের পাঠদানের সুবিধার্থে বিদ্যালয়ে একটি অস্থায়ী ভবন নির্মাণ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ রানা।
এ উপলক্ষে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন কবির, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, পলাশতলী ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মিলন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। ভূমিকম্পে বিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের পড়াশোনা যাতে ব্যাহত না হয় এবং তারা নিরাপদ পরিবেশে পাঠগ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই অস্থায়ী ভবনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগ প্রশংসনীয়।
এ জাতীয় আরো খবর..