অর্থনীতি প্রতিবেদক, ঢাকা:
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং বাজার সরবরাহ স্বাভাবিক রাখতে ১০টি নিত্যপণ্য বাকিতে আমদানির বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আমদানিকারকরা সর্বোচ্চ ৯০ দিন বা তিন মাসের ঋণ সুবিধা (ডেফার্ড পেমেন্ট) পাবেন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনার একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানা স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, বাণিজ্যিকভাবে আমদানিকৃত ১০টি পণ্যে ৯০ দিনের বাকিতে ঋণ সুবিধা পাওয়া যাবে। পণ্যগুলো হলো:
চাল
গম (আটা)
পেঁয়াজ
ডাল
ভোজ্যতেল (সয়াবিন ও পাম তেল)
চিনি
ছোলা
মটর
মসলা
খেজুর
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই আমদানির সুবিধা ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে আমদানি সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক সার্কুলার ও আগের নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
আমদানিকারকরা যাতে দ্রত এ সুযোগ গ্রহণ করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট গ্রাহকদের বিষয়টি অবিলম্বে জানানোর জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।