কূটনৈতিক প্রতিবেদক:
তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে ‘লিডার্স লাউঞ্জে’ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজক দেশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী। তাঁর সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন:
আসিফ আলী জারদারি: প্রেসিডেন্ট, পাকিস্তান।
মাসুদ পেজেশকিয়ান: প্রেসিডেন্ট, ইরান।
আহমেদ আল-শারা: প্রেসিডেন্ট, সিরিয়া (এবং পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি)।
শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ: প্রধানমন্ত্রী, কুয়েত।
ভাসিলে তোফান: প্রধানমন্ত্রী, মলদোভা।
ইসমাইল ওল্ড শেখ আহমেদ: মহাসচিব, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।
সাদিক খান: মেয়র, লন্ডন।
ইন্দোনেশিয়ার প্রতিনিধিদল: কুশল বিনিময় ও সংক্ষিপ্ত আলাপ।
শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন:
ডা. জুবাইদা রহমান: প্রধানমন্ত্রীর সহধর্মিণী।
ড. খলিলুর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি।
আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী।
উল্লেখ্য, তিন দিনের এই সরকারি সফরে মঙ্গলবার আন্তালিয়া পৌঁছান প্রধানমন্ত্রী। কপ-৩১ সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক বিশ্বনেতার সাথে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি নির্ধারিত রয়েছে।