মামুন মিঞা, নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর, ভাঙ্গা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি এবং জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফরিদপুরের ভাঙ্গা পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ জনপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময়, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তাঁর এ সফর। আগামী দিনগুলোতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের মনোবল বৃদ্ধি ও কর্মদক্ষতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ফরিদপুরের কোটালীপাড়া থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন আসামিকে শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..