জয়, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা অপপ্রচার ও নেতিবাচক প্রোপাগান্ডার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল।
সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই কিছু ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে নানা বিভ্রান্তিকর মন্তব্য ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। তবে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা এবং যাচাই-বাছাই না করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মো. গাজিউর রহমানের জন্ম রাজশাহীর বাগমারা থানায়। তিনি বান্ধাইখাড়া থেকে স্টার মার্কস নিয়ে এসএসসি এবং দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে বিএ অনার্স ও এমএ এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা ও কর্মজীবনের সুবাদে তিনি বর্তমানে বগুড়া সদরের পিটিআই মোড় এলাকায় বসবাস করছেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাবেক সরকারের আমলে ২০১৬ সালে সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাননি তিনি। আজিজুল হক কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগের কারণে তাকে দীর্ঘ প্রায় তিন বছর নানা হয়রানির মুখোমুখি হতে হয়। এছাড়া, সাবেক এক দলীয় প্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায়ের পর তৎকালীন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের তাকে মিষ্টি খাওয়ানোর একটি ছবি কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে তাকে তীব্র পেশাগত ও রাজনৈতিক কোণঠাসার মুখে পড়তে হয়।
দীর্ঘ ১৬ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এই কর্মকর্তা। গত দুই বছর ধরে আরএমপির মিডিয়া উইংয়ের দায়িত্বে সততার সঙ্গে কাজ করছেন তিনি। এই দীর্ঘ কর্মজীবনে তার বিরুদ্ধে কখনো কোনো ধরনের অভিযোগ ওঠেনি। তবে সম্প্রতি আরএমপির ডিবিতে পোস্টিং পাওয়ার পরপরই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
সচেতন মহলের জোরালো দাবি, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ভিত্তিহীন প্রচারণার ভিত্তিতে নয়, বরং একজন সরকারি কর্মকর্তার মূল্যায়ন হওয়া উচিত তার কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের ওপর ভিত্তি করে।
এ জাতীয় আরো খবর..