×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১১-১৬
  • ৩৩ বার পঠিত
পাবনা (সাঁথিয়া) প্রতিনিধি:

পাবনার বেড়ায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের বেড়া-সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আরিফ খানকে কুপিয়ে, গলা কেটে ও গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাঁকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বেড়ায় স্কুল ফিডিং কর্মসূচির অনিয়ম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের বিরুদ্ধে ওঠা অনিয়ম এবং আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় হালিম কবিরাজের কথিত অপচিকিৎসা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেন আরিফ খান। সর্বশেষ সংবাদ সংগ্রহের সময় তাঁকে প্রভাবিত করার চেষ্টা করা হলেও তিনি পেশাগত দায়িত্ব থেকে সরে আসেননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের চেম্বার সিলগালা করা হয়। এসব সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

সাংবাদিক আরিফ খান বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে আগেও বিভিন্ন সময় চাপ ও হুমকির মুখে পড়েছেন তিনি। তবে সর্বশেষ তিনটি প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। তাঁকে রাস্তায় ফেলে কুপিয়ে, গলা কেটে ও গুলি করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এসব ফোনকলের রেকর্ড তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। কয়েকটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। প্রকাশিত সংবাদে কারও আপত্তি থাকলে আইনগত প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হুমকি দিয়ে সংবাদ প্রকাশ বন্ধের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের বিষয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে বলেও দাবি করেন তিনি। এ অবস্থায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক নেতারা। সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই ও বেড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন মল্লিক বলেন, অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ কারণে কোনো সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া নিন্দনীয়। তাঁরা দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, অনিয়ম ও দুর্নীতির তথ্য জনসমক্ষে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কর্তব্য। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি দ্রুত হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। হুমকিদাতাদের শনাক্ত করতে গোয়েন্দা ও থানা পুলিশ কাজ করছে। দ্রুত তাঁদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat