নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও সংশোধনসংক্রান্ত সেবায় নাগরিকদের হয়রানি ও দুর্নীতি বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এনআইডি সেবায় সব ধরনের হয়রানির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করে তিনি বলেছেন, এনআইডিকেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, "পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি বোধ করি। এই শব্দটি যেন আর শুনতে না হয়, সেই পরামর্শ দিন। এনআইডিকেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য কার্যকর পরামর্শ দেবেন। মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।"
সংশ্লিষ্ট কর্মকর্তাদের 'ব্লেইম গেম' বা এক দপ্তরের ওপর অন্য দপ্তরের দায় চাপানোর প্রবণতা পরিহারের নির্দেশ দিয়ে সিইসি বলেন, "মৌলিক তথ্য ও ন্যূনতম কাগজপত্র নিয়ে সেবা দিন এবং জনসাধারণের সচেতনতার স্তর বিবেচনায় নিয়ে কাজ করুন। আমি সমাধান চাই, মানুষ হয়রানির শিকার হোক তা চাই না।"
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, যেকোনো আবেদন বা চিঠি পাওয়ার পর সেটি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে, যাতে আবেদনকারী তার আবেদনের সঠিক হদিস বা সর্বশেষ অবস্থা জানতে পারেন।
সফটওয়্যার আপডেট ও ফ্যামিলি ট্রি তৈরি
কর্মশালায় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, এনআইডি নিবন্ধন ও নবায়নের সময় 'ফ্যামিলি ট্রি' প্রস্তুত করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করা হবে। তিনি বলেন, সংশোধন প্রক্রিয়ায় ওটিপি (OTP) চালুর কাজ চলছে। পাশাপাশি কোনো আবেদন বাতিল হলে ঠিক কী কারণে তা বাতিল হলো, সে বিষয়টি নাগরিকদের স্পষ্টভাবে জানানো হবে, যাতে কোনো ধোঁয়াশা না থাকে। এ জন্য সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি।
আবেদন নিষ্পত্তির পরিসংখ্যান
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দুই বছরে ১৭ লক্ষাধিক এনআইডি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ আবেদন গৃহীত হয়েছে এবং আনুমানিক ৩ লাখ আবেদন বাতিল (রিজেক্টেড) হয়েছে।