নিজস্ব প্রতিবেদকঃ
তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৪ হাজার ৫০০ টাকা, যা শতকরা হিসাবে ৩৬ শতাংশ বৃদ্ধি।
দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন এই মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়।
ভোটাভুটি ও দুই পক্ষের প্রস্তাব
মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।
তিনি জানান, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাক শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারিত রয়েছে। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়বে।