নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানান, গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার এবং এ লক্ষ্যে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়ে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
জেআরসির বৈঠক ও প্রস্তুতি
গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। যৌথ নদী কমিশনের সদস্য ও বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের হওয়ায় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়নি।
চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়, আগস্টে ভারত কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানায় এবং সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী চিঠি পাঠান; তবে ভারতের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি।
চুক্তির ধারা ও প্রেক্ষাপট
চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে; স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার সুযোগ নেই। ১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল, যা ১৯৯৬ সালের চুক্তিতে রাখা হয়নি।
বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় পানির প্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর পানি বণ্টন করা হয়:
পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়।
প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত।
প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।
উদ্বেগ ও বিশেষজ্ঞ মতামত
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আশা প্রকাশ করেন, দুই দেশের আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, গঙ্গার পানি বণ্টন কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গে সম্পর্কিত এবং শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্যা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
বুয়েটের পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, শুধু পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে তা চুক্তিতে স্পষ্ট থাকতে হবে; গ্যারান্টি ক্লজ না থাকলে ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে। সংশ্লিষ্টদের মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন সমঝোতা না হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদার মতো আঞ্চলিক বিষয়গুলোও আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।