×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ডাকটিকিটের সনাতন যুগের গণ্ডি পেরিয়ে ডিজিটাল মাশুল আদায়ে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ডাক বিভাগ। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালুর পর থেকে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। মাত্র ১১ মাসের ব্যবধানে এই ডিজিটাল পদ্ধতিতে মাসিক রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

ডাক অধিদপ্তর জানায়, পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২৫ সালের অক্টোবর থেকে ই-ফ্রাংকিং ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হয়। পরীক্ষামূলক সময়ের আয়সহ চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত এ ব্যবস্থায় মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা মাশুল জমা হয়েছে; বিশেষ করে গত ছয় মাস ধরে প্রতি মাসে গড়ে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হচ্ছে। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দুই বছরে ই-ফ্রাংকিংয়ের মাধ্যমে ১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করছে বিভাগটি।

বর্তমানে দেশের সব জেলা শহরের একাধিক ডাকঘরসহ প্রায় ২০০টি ডাকঘরে সেবাটি চালু রয়েছে। স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের মাশুল ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে মাত্র ৫০ পয়সা খরচে বারকোডযুক্ত একটি আঠালো লেবেল ছাপা হয়, যা ডাকপণ্যের গায়ে লাগিয়ে দেওয়া হয়।

বুকিং ও রাজস্ব আদায়ে বড় উল্লম্ফন

ডাক বিভাগের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে মাত্র তিনটি বুকিংয়ের বিপরীতে ডাক মাশুল আদায় হয়েছিল ৫৮ টাকা এবং নভেম্বরে ৫১৮টি বুকিংয়ে আদায় হয় ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯১টিতে এবং আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১১ মাসের ব্যবধানে মাসিক বুকিং বেড়েছে প্রায় ৪৪ গুণ এবং রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো মাসিক আদায় কোটি টাকা ছাড়িয়ে ১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৭৮ টাকায় দাঁড়ায়। পরবর্তীতে মে মাসে বড় উল্লম্ফন ঘটে এবং বুকিং আগের মাসের দ্বিগুণের বেশি বেড়ে ৮ হাজার ৬৩১টিতে পৌঁছায়, যেখানে আদায় হয় ৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। জুলাইয়ে মাসিক আদায় প্রথমবারের মতো ৫ কোটি টাকা ছাড়ায় এবং সেপ্টেম্বরে ২১ হাজার ৩৬২টি বুকিংয়ে এ পর্যন্ত এক মাসের সর্বোচ্চ ৭ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১০১ টাকা রাজস্ব আদায় হয়। হিসাব অনুযায়ী, মে থেকে অক্টোবর—এই ছয় মাসে আদায় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা, যা অক্টোবর পর্যন্ত মোট আদায়ের প্রায় ৮০ শতাংশ।

তিন খাতে খরচ সাশ্রয় ও লেনদেনের নিরাপত্তা

ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া জানান, আগে ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং আমদানি করা কালিতে বাড়তি ব্যয় হতো। বর্তমানে ই-ফ্রাংকিং চালুর ফলে এই তিন খাতেই বড় অঙ্কের খরচ সাশ্রয় হচ্ছে এবং কাগজের ডাকটিকিট খুলে পড়ার ঝুঁকিও দূর হয়েছে। অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক এই পদ্ধতিটি পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি কেন্দ্রীয়ভাবে রাজস্ব আদায় পর্যবেক্ষণের সুযোগ তৈরি করেছে।

সরকারি রাজস্ব সুরক্ষায় প্রতিটি লেবেলে একটি স্বতন্ত্র ১৩ অঙ্কের বারকোড যুক্ত করা হয়েছে। মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, বুকিংয়ের সময় বারকোড স্ক্যান করার মাধ্যমে কোন ব্যবহারকারী ও কোন প্রিন্টার থেকে স্টিকারটি প্রিন্ট হয়েছে তা সহজেই শনাক্ত করা যায়। পাশাপাশি নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো কর্মচারী সিস্টেমে প্রবেশ করতে না পারায় জালিয়াতি বা রাজস্ব ফাঁকির ঝুঁকি অনেকাংশে কমে এসেছে।

ঘরে বসে অগ্রিম মাশুল ও ভবিষ্যৎ পরিকল্পনা

ই-ফ্রাংকিংয়ের প্রি-পেইড সুবিধার আওতায় গ্রাহক ও ই-কমার্স উদ্যোক্তারা মোবাইলের আর্থিক সেবা বা ব্যাংক হিসাব থেকে এ-চালানের মাধ্যমে অগ্রিম মাশুল পরিশোধ করতে পারেন। এরপর ডিজিটাল মেইল সিস্টেম (ডিএমএস) ব্যবহার করে অনলাইনে পণ্য প্রি-বুকিং করে কাউন্টারে জমা দিলেই চূড়ান্ত বুকিং সম্পন্ন হয়।

ডাক অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশের ১ হাজার ৫০০টি রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে বর্তমানে ই-ফ্রাংকিং চালু রয়েছে। মহাপরিচালক জানান, পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের ডাকঘরসহ সব রাজস্ব অফিস এবং নতুন চালু হওয়া ফ্র্যাঞ্চাইজি ডাকঘরগুলোতে এ সেবা সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় ই-ফ্রাংকিং চালু করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’-এ প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিং চালুর বিধান রাখা হয়েছে, যার মাধ্যমে অনলাইনে মাশুল পরিশোধ করে পাওয়া বারকোড বা কিউআর কোড বৈধ ডাকটিকিটের সমান আইনি স্বীকৃতি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat