এমদাদুল হক,স্টাফ রিপোর্টার, জামালপুর :
জামালপুরের নান্দিনা থেকে অপহৃত নারী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি সন্ধ্যা ৭টার দিকে নিশ্চিত করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুস সাকিব।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মী মোছাঃ বন্যা খাতুনকে হাসপাতাল রোড থেকে ঢাকা মেট্রো চ-১৫-৯৭৭৬ নম্বরের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহ*রণ করা হয়।
অপহরণের ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেনের ছেলে মোঃ চাঁন মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরপরই ওসি মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মোঃ মুস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, পুলিশ সদস্য মোঃ কবির হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানী, আবুল হোসেন এবং বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ যৌথভাবে অভিযান চালান। তাদের দক্ষ তৎপরতায় অপহ*রণের নয় ঘণ্টার মধ্যে বন্যা খাতুনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
দ্রুত উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করে বন্যার পরিবার ও স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন,“জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ওসি মোঃ নাজমুস সাকিব ও তার টিম যেভাবে দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধারা অব্যাহত থাকবে।”