মোঃ রাফসান জানি, স্টাফ রিপোর্টার
দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে মায়ানমারে পাচারকালে ডিজেল ও সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১ হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট এবং একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
সূত্র জানায়, একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট ও জ্বালানি পাচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪২ নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক মাছ ধরার বোট শনাক্ত করে।
নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটি আটক করা হয়। বোটটি তল্লাশি করে বিপুল পরিমাণ ডিজেল ও বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় চোরাকারবারে জড়িত ১১ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অধিক মুনাফার আশায় তারা এসব ডিজেল ও সিমেন্ট মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালান, অবৈধ পাচারসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..