মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর নির্বাচনমুখী এই আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার কুড়ালিয়া হাউজে আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, আলেম-ওলামা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। সকাল থেকেই কুড়ালিয়া হাউজ এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে, যা পুরো অনুষ্ঠানস্থলকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে ভোলা-২ আসনের মানুষের কল্যাণ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলার স্বনামধন্য আলেম বাটামারা দরবার শরীফের বর্তমান গদিনীশিন পীর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মহিবুল্যাহ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ভোলা-২ আসনের মানুষের কাছে একজন পরীক্ষিত ও আস্থাভাজন নেতা। বিগত সময়ে তিনি এলাকার শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নেতাকর্মীরা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়েও তিনি এলাকায় সংগঠনকে সুসংহত রেখেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে জনগণ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এ ধরনের দোয়া ও মিলাদ মাহফিল নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও মনোবল বাড়ানোর পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, এই দোয়া ও মিলাদ মাহফিল ভোলা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা আরও স্পষ্ট করে তুলেছে।
দোয়া,মিলাদের পরে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মনের কাছে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খাঁন, সাবেক সাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা মোঃ ফজলুর রহমান বাচ্চু মোল্যা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কাজী মোঃ আযম, সাবেক বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ আল এমরান খোকন , বিএনপি নেতা মোঃ আকবর হাওলাদার।