মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার
রাজশাহীর কাটাখালী থানার বুধপাড়া এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক যুবককে মারধর, বাড়িতে হামলা-ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মোয়াজ্জেম হোসেন আদালতে মামলা করেছেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
মামলার অভিযোগ ও বাদীপক্ষের বক্তব্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে মোয়াজ্জেমের ছেলে মো. সিহাব শাহরিয়ারকে মোহনপুর নূরানী মাদ্রাসার সামনে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। বাদীপক্ষের দাবি, মো. রতন আলী ছুরি দিয়ে সিহাবের গলা লক্ষ্য করে আঘাতের চেষ্টা করেন। এতে তাঁর বাম চোখের ওপরের অংশে আঘাত লাগে। অন্যরা লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাঁর মাথা, পিঠ, পা ও হাঁটুতে আঘাত করেন বলে মামলার নথিতে বলা হয়েছে।
৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্তরা সরে যান বলে বাদীপক্ষের দাবি। পরে আহত সিহাবকে হাসপাতালে নেওয়ার পথে পথরোধ করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
রাতে বাড়িতে হামলার অভিযোগ
মামলার অভিযোগ অনুযায়ী, ওই রাতেই ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে অভিযুক্তরা মোয়াজ্জেমের বাড়িতে হামলা চালান। গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, সদর দরজা ভাঙচুর এবং টেলিভিশন, ফ্রিজ, সোফা ও আলমারিসহ বিভিন্ন আসবাব ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাদীপক্ষ দাবি করেছে।
এ ছাড়া আলমারিতে থাকা প্রায় সোয়া সাত ভরি স্বর্ণালংকার—তিনটি চেইন, তিন সেট কানের ঝুমকা, দুটি আংটি ও চারটি রুলি-বালা—এবং শোকেসের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান এবং মামলা করলে বাড়িতে আগুন দিয়ে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেন বলে বাদী অভিযোগ করেছেন।
নথিতে ৯ জনের নাম
মামলার নথিতে অভিযুক্ত হিসেবে মো. রতন আলী (২৬), মো. সুমন আলী (৩০), মো. রিপন আলী (৩৩), মো. মামুন আলী (২৫), মো. সজিব (২৩), মো. সাজিদ (১৯), মো. শহিদুল ইসলাম (২৮), মো. এমান আলী (১৯) ও মো. নজরুল ইসলাম (৪২) এই ৯ জনের নাম উল্লেখ রয়েছে। তাঁদের সবার ঠিকানা বুধপাড়া, কাটাখালী, রাজশাহী।
মোয়াজ্জেম হোসেন বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এ জাতীয় আরো খবর..