জয়,রাজশাহী ব্যুরো
পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক এবং একই বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (অর্থ) মো. নাজমুল হোসাইন। সোমবার ০৬ অক্টোবর, ২০২৬ ইং তারা পৃথক পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি গত ১০/০৯/২০২৪ থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে পারিবারিক ও ব্যক্তিগত কারণে তার পক্ষে উপাচার্যের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় আজ ০৬/১০/২০২৬ তারিখে তিনি উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন।
পদত্যাগপত্রটি সচিব, জনবিভাগ, মহামান্য চ্যান্সেলরের কার্যালয়, বঙ্গভবন এবং সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর পাঠানো হয়েছে। এর আরেকটি অনুলিপি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বরাবর মাধ্যম হিসেবে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
একই দিনে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (অর্থ) মো. নাজমুল হোসাইন। রেজিস্ট্রার বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি ২০১৮ সাল থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার (অর্থ) পদে চাকরি করে আসছেন। বর্তমানে পারিবারিক ও ব্যক্তিগত কারণে তার পক্ষে অত্র বিশ্ববিদ্যালয়ে চাকরি করা সম্ভব হচ্ছে না, তাই তিনি স্বেচ্ছায় ইস্তফা প্রদান করলেন।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদ ও গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ থেকে পদত্যাগের ঘটনায় ক্যাম্পাসে নানা আলোচনা চলছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..