রাজশাহী ব্যুরো:
রাজশাহীর সাংবাদিক সমাজ’ এর ব্যানারে রাজশাহী প্রেসক্লাব ও ক্লাব নেতৃবৃন্দের ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে রাজশাহী প্রেসক্লাব। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার রাজশাহীর ভুবন মোহন পার্কে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সরদার শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। এতে ক্লাবের সাধারণ সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, "সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত কথিত মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের ছবি ও মানহানিকর তথ্য জুড়ে ব্যানার তৈরি করা হয়েছে, যা স্পষ্ট ফৌজদারি অপরাধ ও মামলাযোগ্য।"
তিনি অভিযোগ করেন, এই চক্রান্তের পেছনে রয়েছে একটি চিহ্নিত অপরাধী চক্র। অপপ্রচারে নেতৃত্ব দেওয়া ব্যক্তি নগরীর তালাইমারী এলাকার মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এবং অতীতে মতিহার অঞ্চলের শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় তার নাম ছিল। তার অপকর্ম নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে। সেই ব্যক্তি বহিরাগত ও ভাড়াটে লোকজন নিয়ে মানববন্ধনের নামে প্রেসক্লাবের বিরুদ্ধে ভিত্তিহীন কুৎসা রটিয়েছে।
মামুন আরও বলেন, "রাজশাহী প্রেসক্লাব সম্পূর্ণ গঠনতান্ত্রিক নিয়ম মেনে পরিচালিত হয়। আগামী ডিসেম্বরেই ক্লাবের নিয়মতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈধ সদস্যরাই ভোট দেবেন। বাইরে থেকে ভাড়াটে লোক এনে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করার এই অপচেষ্টা আমরা কঠোরভাবে প্রতিহত করব এবং আইনি পদক্ষেপ নেব।
সভায় উপস্থিত সাংবাদিকরা অবিলম্বে এ ধরনের চক্রান্ত ও অপপ্রচার বন্ধের দাবি জানান। অন্যথায় ক্লাবের মর্যাদা রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এ জাতীয় আরো খবর..