বিশেষ সংবাদদাতা:
জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’-এর সাইডলাইনে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে নারীর স্বাস্থ্য খাতে টেকসই বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর জোরালো আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগকে কেবল স্বাস্থ্যসেবার ব্যয় হিসেবে না দেখে মানবসম্পদ ও অর্থনৈতিক সমৃদ্ধির কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
উচ্চপর্যায়ের সম্মেলন: বার্লিনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের হল-২-এ UNFPA-এর উদ্যোগে আয়োজিত ‘The Moment is Now: Unlocking New Capital for Women's Health Beyond Aid’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান।
স্বাস্থ্যব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নারী: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল অঙ্গীকার তুলে ধরে তিনি জানান, কিশোরী ও নারীদের স্বাস্থ্যসেবাকে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। সরকারের লক্ষ্য কেবল মাতৃস্বাস্থ্য উন্নয়ন নয়, বরং কিশোরীদের পুষ্টি, রক্তস্বল্পতা প্রতিরোধ, প্রজননস্বাস্থ্য এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ চিকিৎসাকে জীবনচক্রের প্রতিটি পর্যায়ে নিশ্চিত করা।
ঐতিহাসিক অবদানের স্মরণ: বাংলাদেশে নারীশিক্ষা ও ক্ষমতায়নের ভিত্তিপ্রস্থরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন তিনি।
মাঠপর্যায়ে কর্মী নিয়োগ: প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে দেশে ১ লাখ কমিউনিটি হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং কর্মী এবং অতিরিক্ত ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নিরাপদ প্রসব এবং মাতৃমৃত্যু কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ঋণ চুক্তি: অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়াতে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সাথে ২৫ কোটি ইউরো রেয়াতি ঋণ অর্থায়নের চুক্তি এবং UNFPA-এর মাধ্যমে অতিরিক্ত ২ কোটি ৫০ লাখ ইউরো অনুদান সংগ্রহের উদ্যোগ তুলে ধরা হয়।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ: UNFPA-এর নির্বাহী পরিচালক ড. দিয়েন কেইতার সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে ঘানার স্বাস্থ্যমন্ত্রী, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।