রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হচ্ছে ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস)। এই আধুনিক প্রযুক্তি কেন্দ্রটির নিরাপদ ও দক্ষ পরিচালনা এবং জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে অপারেটরদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)-এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহকৃত এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থায় ৪৩টি সাব-সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি যুক্ত রয়েছে। এসব যন্ত্রের সাহায্যে চুল্লির স্থিতিশীলতাসহ পুরো বিদ্যুৎকেন্দ্রের পরিচালন প্রক্রিয়ার সাত হাজারের বেশি সূচক বা প্যারামিটার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা যাবে, যা কেন্দ্রটির নিরাপত্তা ও কর্মদক্ষতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।
প্রকল্পের অন্যতম বড় সংযোজন ‘ওআইএসএস’ সিস্টেমটি মূলত ডিজিটাল টুইন প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। এটি প্রথম ইউনিটে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে এবং সফলভাবে কাজ শুরু করেছে। দ্বিতীয় ইউনিটেও খুব শীঘ্রই এই প্রযুক্তি চালু করা হবে। ওআইএসএস ব্যবস্থাটি ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট তথ্য একযোগে বিশ্লেষণ করে যেকোনো ধরনের সাময়িক বিচ্যুতি শনাক্ত করতে পারে এবং জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে ৮০টিরও বেশি নির্দেশিকা ব্যবহার করে পরামর্শ প্রদান করে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বিষয়টিকে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেবল রাশিয়া-বাংলাদেশের সহযোগিতার বৃহত্তম প্রকল্পই নয়, বরং আধুনিক স্বয়ংক্রিয়করণ ও আধুনিক নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি একটি অগ্রণী দৃষ্টান্ত। রাশিয়ার বাইরে রোসাটম নির্মিত কোনো বিদ্যুৎকেন্দ্রে এই প্রথম এই ওআইএসএস ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও জানান, এই বিশ্বমানের প্রযুক্তি ব্যবহারের ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের সময় নাটকীয়ভাবে কমে আসবে, পরিচালন ব্যয় হ্রাস পাবে এবং নিয়ন্ত্রণকক্ষের প্রকৌশলী ও কর্মীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য ও কার্যকর সহায়তামূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, জেনারেশন ৩+ (Generation 3+) প্রযুক্তির দুটি আধুনিক ভিভিইআর-১২০০ (VVER-1200) চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়নে মূল ঠিকাদার হিসেবে কাজ করছে রোসাটমের প্রকৌশল শাখা অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট (ASE)।