জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, “আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিএনপি।”
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুরে আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি শরীয়তপুর জেলা শাখা এই প্রতিবাদ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে জয়লাভ করেছে বিএনপি। এরপর মামলা-বাণিজ্যের ভয় দেখিয়ে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে। বিএনপি সরকার দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, “আমাদের অবস্থা দাঁড়িয়েছে—বিদেশে আওয়ামী লীগ, আর দেশে বিএনপি। এই দুই দলের চক্রান্তে মানুষ তাদের কাঙ্ক্ষিত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা নস্যাৎ হচ্ছে।”
বিএনপির বিগত আন্দোলনের সমালোচনা করে এনসিপির প্রধান বলেন, ছাত্র-জনতা রাজপথে জীবন না দিলে তারেক রহমান কোনোদিন দেশে ফিরতে পারতেন না। বিগত ১৬ বছরে বিএনপি রাজপথে এককভাবে কোনো শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন।
ক্ষমতাসীনদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ভাববেন না দেশ কিনে নিয়েছেন। ক্ষমতা চিরস্থায়ী নয়। স্বৈরাচারী সরকারের ইতিহাস থেকে শিক্ষা নিন; আওয়ামী লীগও একই চিন্তা করে আজ কোথায় গিয়ে পৌঁছেছে, তা সবার জানা।”
জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।