স্টাফ রিপোর্টার:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হয়রানিমূলক মামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাচিয়া ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রনেতা মো. মামুন (বড় মোল্যা)।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উপজেলার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের মুসলমান পুকুরপাড় এলাকায় নিজ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. মামুন (বড় মোল্যা) তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে প্রচারিত বিভিন্ন বক্তব্য ও অভিযোগের প্রতিবাদ জানান তিনি।
লিখিত বক্তব্যে মামুন বলেন, “আমি ২০১৪ সাল থেকে অদ্যাবধি কাচিয়া ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। দীর্ঘদিন ধরে আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বিরুদ্ধে দায়ের করা মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও বলেন, “আমার শ্রদ্ধেয় বড় ভাই দক্ষিণ কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শেখ সাদী হাওলাদার আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বক্তব্য ও অভিযোগ প্রচার করেছেন, সেগুলোর বিষয়ে আমি যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।”
মামুন বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এবং তাঁর সংগঠনের বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. দানেশ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. তানজিল হাওলাদারের কাছে তিনি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়সংগত সমাধানের প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করা উচিত নয়। অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে মামুন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ জাতীয় আরো খবর..