বগুড়ায় দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত টহল পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তার স্বজন ও সহযোগীরা। এই ঘটনায় এএসআই উজ্জ্বল নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতন ব্যাপারী নামের ওই শীর্ষ অপরাধীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। আহত এএসআই উজ্জ্বল বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আসামির পরিচয়: গ্রেপ্তারকৃত রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাদল ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে শুধু বগুড়া সদর থানাতেই তার বিরুদ্ধে ৩টি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন।
পুলিশের ওপর হামলা: দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ টহল দেওয়ার সময় দত্তবাড়ি সিএনজি স্ট্যান্ড এলাকায় চার-পাঁচজনকে পকেটমারির প্রস্তুতি নিতে দেখা যায়। বিজিবি ও পুলিশের উপস্থিতিতে সেখান থেকে রতনকে আটক করা হলে তার সহযোগী ও স্বজনেরা হঠাৎ পুলিশের ওপর চড়াও হয় এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এএসআই উজ্জ্বল আঘাতপ্রাপ্ত হন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী ঘটনা নিশ্চিত করে জানান, অপরাধীদের বিষয়ে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। গত এক-দেড় মাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন চিহ্নিত পকেটমার ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূজার মৌসুমে দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।