খুলনা প্রতিনিধি:
খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা বাজারে বিএনপির দু'পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো হতাহত বা দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
পূর্ববিরোধের জেন ধরে সংঘাত: পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, গত সোমবার তেরখাদা উপজেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ টগরের ভাইয়ের সঙ্গে উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের ছেলের সামান্য কথাকাটাকাটি হয়।
বাজারে সংঘর্ষ: ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের সমর্থক ও দলীয় কর্মীরা কাটেঙ্গা বাজারে জড়ো হতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এবং হাতাহাতি থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
জেলা বিএনপির তৎপরতা: খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি জানান, খবর পেয়ে জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন তেরখাদায় যান। নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজারের পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টির বিস্তারিত খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে যুবদলের সাধারণ সম্পাদক জানান।
পুলিশের বক্তব্য: খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, সংঘাতের খবর পাওয়া মাত্রই পুলিশের টহল দল দ্রুত কাটেঙ্গা বাজারে পৌঁছে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের কারণে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।