ফরিদপুর প্রতিবেদকঃ
ফরিদপুর শহরতলীর গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামে চলন্ত ট্রেনে কাটা পড়ে স্বপন রায় (স্বপন) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে কাফুরা গোরস্থান সংলগ্ন রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্বপন রায় উক্ত কাফুরা গ্রামের মরহুম কার্তিক চন্দ্র রায়ের কনিষ্ঠ পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় অধিবাসীদের সূত্রে জানা যায়, বুধবার সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ট্রেনটি ফরিদপুরের কাফুরা গোরস্থান রেলগেট এলাকা অতিক্রম করার সময় স্বপন রায় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর শরীর দুই খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়লে এলাকার কয়েক শ উৎসুক মানুষ ঘটনাস্থলে এসে জড়ো হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করেন। পরিবারসূত্রে জানা গেছে, নিহত স্বপন রায় তাঁর স্ত্রী ও দুটি কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর জ্যেষ্ঠ কন্যা স্বর্ণা রায় কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত এবং কনিষ্ঠ কন্যা বৈশাখী রায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বিস্তারিত নিশ্চিত করে ফরিদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার প্রহ্লাদ বিশ্বাস জানান, খুলনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ট্রেনটি ফরিদপুরের কাফুরা এলাকায় পৌঁছালে সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং রাজবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে।