নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে দেশের প্রায় ৫ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং মেলা প্রাঙ্গণ থেকেই অন্তত ১০০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই উপলক্ষে মোট ৫৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করে একটি বৃহৎ জব ফেয়ার বা চাকরি মেলার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ের মিলনায়তনে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে জাতীয় যুব দিবসের বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
আমিনুল হক জানান, ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় যুব দিবসের কেন্দ্রীয় উদযাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করবেন মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
আগামী ১ নভেম্বর সারা দেশব্যাপী নানা ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হবে। এ বছর দেশের ১০ জন সফল আত্মকর্মী এবং ৪ জন প্রতিশ্রুতিশীল উদ্যোক্তার হাতে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ তুলে দেওয়া হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই জব ফেয়ারের মাধ্যমে প্রায় ৫ হাজার তরুণের কাজের ব্যবস্থা হবে এবং প্রাথমিক বাছাই শেষে অন্তত ১শ জনকে ঘটনাস্থলেই নিয়োগপত্র দেওয়া হবে। তবে গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনার কারণে এ বছর রাজধানীর শেরে বাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুব মেলা অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এই যুব মেলার আয়োজন করা হচ্ছে।’
নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন সাফ ফুটবলে বাংলাদেশ দল শিরোপার দীর্ঘ খরা কাটিয়ে সাফল্য ছিনিয়ে আনবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সাফ ফুটবলের টিকিটের মূল্য সাধারণ দর্শকের সাধ্যের মধ্যে রাখার বিষয়ে সংশ্লিষ্ট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ ছাড়াও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালি জায়গাগুলো চিহ্নিত করে নতুন ফুটসাল গ্রাউন্ড তৈরির জোর প্রচেষ্টা চলছে বলে জানান তিনি। আগামী এক বছরের মধ্যে রাজধানী ঢাকার খেলার মাঠের তীব্র সংকট অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাবাদ প্রকাশ করেন আমিনুল হক।