সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বড়সড় সাফল্য পেল আসামরাজ্যের ধুবড়ি জেলা পুলিশ প্রশাসন। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর )ভোরে অভিযান চালিয়ে ধুবড়ির ঐতিহাসিক যোগমায়া ঘাট থেকে ৩৬ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দক্ষিণ শালমারা- মানকাচর জেলার হাটশিঙিমারি থেকে একটি যন্ত্রচালিত নৌকায় ব্রক্ষপুত্র নদীপথে ধুবড়ির যোগমায়া ঘাটে এসে পৌঁছান। অবৈধভাবে অনুপ্রবেশ করে রাজ্যের অভ্যন্তরে প্রবেশের উদ্দেশ্যে তাঁরা এই যাত্রা করেছিলেন বলে সন্দেহ করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে যোগমায়া ঘাটে আগে থেকেই প্রস্তুতি ছিল ধুবড়ি পুলিশের একটি দল। নৌকাটি ঘাটে পৌঁছাতেই পুলিশ কর্মীরা গোটা দলটিকে ঘিরে ফেলেন এবং ৩৬ জনকে আটক করেন।
আটককৃতরা জানায়, তাঁরা মাথাপিছু ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা করে এক দালালের হাতে তুলে দিয়েছিল ভারতে প্রবেশ করার জন্য। তাঁরা রাজমিস্ত্রি বা অন্যান্য কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিল।
ধুবড়ি জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ দেবাশীষ বোরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আটক ৩৬ জনের সবাই পুরুষ বয়স আনুমানিক ৩০ থেকে ৫০ বছর। প্রাথমিক তদন্তে তাঁদের মধ্যে কোনো ভারতীয় নাগরিক পাওয়া যায়নি।
বর্তমানে তাঁদের ধুবড়ি পুলিশ রিজার্ভে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..